
থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় অনুষ্ঠিত Amazing Thailand Pattaya Marathon 2026-এ অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন একদল বাংলাদেশি দৌড়বিদ। ২৬ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতাটি ছিল আয়োজনটির ৩৩তম আসর।
বিশ্ব অ্যাথলেটিকসের স্বীকৃত এই আন্তর্জাতিক রোড রেসে থাইল্যান্ডসহ বিশ্বের ৫৮টিরও বেশি দেশের ২১ হাজারের বেশি দৌড়বিদ অংশ নেন। পাতায়া বিচফ্রন্ট, জোমতিয়েন বিচ রোড ও সুকুমভিত হাইওয়েজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে অংশ নেন বাংলাদেশি রানাররাও।
বাংলাদেশের হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোহাম্মদ হাসান মাহমুদ। তিনি সফলভাবে ৪২.১৯৫ কিলোমিটারের পূর্ণ ম্যারাথন সম্পন্ন করেন। একই প্রতিযোগিতায় তাঁর স্ত্রী মাহফুজা হক এবং ছেলে তাফসীর জিনান মাহমুদ ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন সম্পন্ন করেন।
একই পরিবারের তিন সদস্যের আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ ও সফলভাবে রেস শেষ করার বিষয়টি এবারের আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে।
বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেও প্রতিযোগিতায় অংশ নেওয়া রানারদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। বাংলাদেশি দৌড়বিদদের ভাষ্য, আন্তর্জাতিক পর্যায়ের এমন আয়োজনে অংশ নেওয়া তাঁদের জন্য ব্যক্তিগত চ্যালেঞ্জ অতিক্রমের পাশাপাশি দেশের পতাকা আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে তুলে ধরার একটি সুযোগ।
তাঁরা বলেন, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও ধৈর্যের মাধ্যমে বাংলাদেশের আরও বেশি দৌড়বিদ ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেবেন—এমন প্রত্যাশা তাঁদের।
আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের অংশগ্রহণ সাম্প্রতিক সময়ে দেশের রানিং কমিউনিটির আগ্রহ ও সক্রিয়তারও একটি প্রতিফলন। পাতায়া ম্যারাথন ২০২৬-এ বাংলাদেশের রানারদের অংশগ্রহণ সেই ধারাবাহিকতারই একটি উদাহরণ।
