জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকা অন্যতম। এই সংকট মোকাবিলায় উপকূলীয় নারীদের নেতৃত্ব, অভিযোজন সক্ষমতা, জীবনসংগ্রাম ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের গল্প তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘ভয়েজ অফ কোস্টাল ক্লাইমেট রেজিলেন্স’ (‘Voice of Coastal Climate Resilience’)।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক (জেন্ডার-রেসপনসিভ কোস্টাল এডাপটেশন – জিসিএ – Gender-responsive Coastal Adaptation – GCA) জিসিএ প্রকল্পের উদ্যোগে, গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান – ২১ মে বৃহস্পতিবার বিকেল ২.৩০টায় রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের নারীদের জীবন ও সংগ্রামের নানা দিক আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও জীবিকাগত চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের অভিযোজন কৌশল, বিকল্প জীবিকা, পানি ব্যাবস্থাপনা, সামাজিক নেতৃত্ব এবং স্থানীয় পর্যায়ের উদ্যোগ প্রদর্শনীর মূল উপজীব্য।
আয়োজকদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় নারীদের ভূমিকা প্রায়ই আড়ালে থেকে যায়, অথচ উপকূলীয় অঞ্চলে পরিবার ও সম্প্রদায়ের টিকে থাকার লড়াইয়ে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে সামনে নিয়ে আসার পাশাপাশি নারী নেতৃত্বভিত্তিক জলবায়ু অভিযোজন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবনাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক (জিসিএ) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ (অতিরিক্ত সচিব), মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ও রেজিলিয়েন্স অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ক্লাস্টারের প্রধান – সর্দার এম আসাদুজ্জামান; এবং ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।
আয়োজকরা জানান, প্রদর্শনীটি ২১ থেকে ২৩ মে পর্যন্ত রাজধানীর দৃক গ্যালারি (লেভেল-২), দৃকপাঠ ভবনে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটিতে আলোকচিত্রী এ.বি রশিদ এর ধারণকৃত প্রায় ৮৫টি স্থিরচিত্র প্রদর্শিত হচ্ছে। সরাসরি প্রদর্শনীর পাশাপাশি এটি ভার্চুয়াল প্ল্যাটফর্মেও আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, জিসিএ প্রকল্প, গ্রিন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে নারীদের জলবায়ু সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপদ পানি, জীবিকা ও নারী নেতৃত্বভিত্তিক অভিযোজন উদ্যোগ জোরদারে ভূমিকা রাখছে।