Tuesday, July 7সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

সাভারে এনসিপির জনসভায় হামলার নিন্দা জানালেন ইশরাক হোসেন

সাভারে এনসিপির জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, সাভারে এনসিপির জনসভায় ন্যাক্কারজনক হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা দেশের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। তাঁর ভাষায়, এ ধরনের সহিংসতা রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে। আর রাজনীতি ধ্বংস হলে দেশ ও জাতি চরম সংকটের মুখে পড়বে, যা শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেও বিপন্ন করতে পারে।

তিনি বলেন, ‘এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। যারা ফ্যাসিস্ট, যারা খুনি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেও ক্ষমতায় থেকেছে এবং যারা জনগণের সমর্থনের পরিবর্তে বিদেশি প্রভুদের দয়ায় রাজনীতি করেছে, আমি মনে করি এই ঘটনায় কেবল তারাই লাভবান হবে।’

ইশরাক হোসেন আরও বলেন, ওই অপশক্তির রয়ে যাওয়া উচ্ছিষ্ট অংশ এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত নিষ্ক্রিয় (নিউট্রালাইজ) করা বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান।