
জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের অংশগ্রহণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘Bangladesh Tourism Seminar’ অনুষ্ঠিত হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং World Air-Sea Service Co., Ltd.-এর যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজিত হয়।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তাঁর বক্তব্যে বলেন, জাপান দীর্ঘকাল ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন এবং অর্থনৈতিক অংশীদার। প্রথাগত খাতের বাইরেও পর্যটনের মত উদীয়মান খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, যা জাপানি ভ্রমণপ্রেমীদের জন্য অনবদ্য। সুন্দরবন, কক্সবাজার, টাঙ্গুয়ার হাওর, পাহাড়পুর বৌদ্ধবিহার, বাগেরহাট-সহ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও বাউল সংগীতের মতো লোকসংস্কৃতির বৈচিত্র্যময় আকর্ষণ, এবং সুস্বাদু রসনাবিলাসের ঐতিহ্য তিনি তুলে ধরেন।
পাশাপাশি, পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অবকাঠামোগত উন্নয়ন, ভিসা আবেদন সহজীকরণ ও দ্রুত ভিসা প্রদান-সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে মর্মে জানিয়ে রাষ্ট্রদূত জাপানি অতিথিদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান। এসময় জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের যেকোনো প্রয়োজনে দূতাবাসের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
সেমিনারে World Air-Sea Service Co., Ltd.-এর প্রেসিডেন্ট এবং সিইও জনাব ইযোসুকে কি কুমা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জাপানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিগত বছরগুলোতে বাংলাদেশ পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছে। আজকের এই সেমিনার জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পর্যটন খাতে সুদূরপ্রসারী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে তিনি আশা প্রকাশ করেন। জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারী প্রায় ৮০ জন উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।
