Tuesday, August 4সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। এ আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার রাজধানীর সদরঘাট এলাকায় একটি ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ সাইফুন্নাহার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে সদরঘাট টার্মিনাল ও আশপাশের এলাকায় তদারকি করা হয়। এ সময়  সদরঘাট টার্মিনালে ধূমপানের দায়ে মোহাম্মদ আবির নামে এক ব্যক্তিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)   (সংশোধন) আইন, ২০২৬ -এর ধারা ৪ অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া আইন অনুযায়ী প্রতিটি পাবলিক পরিবহনে দৃশ্যমান স্থানে ‘নো স্মোকিং’ সাইনেজ প্রদর্শন বাধ্যতামূলক। মনিটরিংকালে ময়ূর-৭ এবং এমভি সুরভি লঞ্চে কোনো ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় ময়ূর-৭-এর ম্যানেজার আবুল এবং এমভি সুরভির সুপারভাইজার মোহাম্মদ শিমুলকে পৃথকভাবে ৫,০০০ টাকা করে সর্বমোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট নৌ থানার সাব-ইন্সপেক্টর সজিব আহমেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (ডাস্) এবং নাটাব-এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রতিনিধিগন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ধূমপানমুক্ত পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।