গুলশান চৌধুরীর কবিতা “শুভ নববর্ষ”

গুলশান চৌধুরীর কবিতা “শুভ নববর্ষ”

অন্ধকার যত নিকষ কালোই হোক
নক্ষত্ররা জেগে থাকে
নিভৃত পল্লীর সোঁদা ঝোপঝাড়ে
মিটি মিটি জোনাক জ্বলে।
কতো কাল,বহুকাল ফেলে এসেছি
পোড়া মাটির গন্ধ ভরা
অকেজো উনন
পোড়া মাটির বাসন কোসন
মনে পড়ে!
পোড়া মাটি আমায় বড্ড টানে—
আর ফেরা হয়নি ফেলে আসা প্রিয় কুয়োটার কাছে
যেখানে কেটেছে জীবনের অর্ধেক বসন্ত।
আর যাবো না তাতো বলিনি!
চাতকের মতো চেয়ে থাকা চোখ দুটোকে শুধু বুঝিয়েছি
তবেই ফিরবো যখন আলোয় উদ্ভাসিত হবে এ মর্ত্যলোক
বছরের কোনো এক শুভক্ষনে –
হতে পারে বৈশাখের আগমনে-
পহেলা বৈশাখে-
শুভ নববর্ষে!!