বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হলে তাঁর আদর্শ দলের নেতাকর্মীদের ধারণ ও চর্চা করতে হবে।
শনিবার ৩০ মে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে এবং জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে ফকির মাহবুব আনাম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি পরিহার করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। তিনি নেতাকর্মীদের আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এমন কাজ করতে হবে যাতে জনগণ বলতে পারে— বিএনপিকে ভোট দিয়ে তারা ভুল করেনি।
মন্ত্রী দলীয় ঐক্য সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না এবং জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। তিনি দেশকে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার এর
সভাপতিত্ব অনুষ্ঠানে উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম. এ. সামাদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. রতন হায়দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, বিএনপি নেতা জয়নাল আবেদিন খান বাবলুসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।