Friday, July 31সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

ওটিটি নীতি পাস ও বিনোদন মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের আহ্বান

চলচ্চিত্র, নাটক, ওয়েবসিরিজে ধূমপান ও তামাক পণ্য ব্যবহারের দৃশ্য বন্ধে তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালন এবং ওটিটি নীতিমালা পাস করার দাবী জানানো হয়েছে।
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ও প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের যৌথ আয়োজনে (বৃহস্পতিবার) ৩০ জুলাই ২০২৬, বিকেলে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে “চলচ্চিত্র, নাটক, ওয়েবসিরিজে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন এবং ওটিটি নীতিমালা পাস করা হোক” শীর্ষক অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইন থেকে এ আহ্বান জানানো হয়।

প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ এর সভাপতিত্বে কমসূচিতে বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক আবু নাসের অনীক, ডাস এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক, মানসের সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান প্রমুখ। সভা সঞ্চালনা করেন মানসের প্রকল্প সমন্বয়কারী ডা. ইফতেখার মুহসিন।

বক্তারা বলেন, তরুণরা অনুকরণ, ফ্যাশন, স্মার্টনেস, কৌতুহলবশত ধূমপান ও ভয়ঙ্কর মাদকে আসক্ত হচ্ছে। এক্ষেত্রে চলচ্চিত্রের মতো বিনোদন মাধ্যমে প্রায়শই জনপ্রিয় তারকা ব্যক্তিদের দ্বারা ধূমপান ও মাদকের প্রচারণা অনুকরণ করতে গিয়েই অল্পবয়সীদের মধ্যে ধূমপানসহ নেতিবাচক প্রবণতা বাড়ছে। মানস পরিচালিত জরিপে সাম্প্রতিক সময়ের একটি দুই ঘন্টার জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমাতে প্রায় দুই শত দৃশ্যে তামাকজাত দ্রব্য ব্যবহার প্রচার করা হয়েছে। সরকার ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন), ২০২৬’ পাস করেছে। আইন অনুসারে সব ধরনের তামাক বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে আইনটি এ ধরনের দৃশ্য প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কর্মসূচি থেকে চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি দেশের প্রচলিত আইন যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। একই সাথে ডিজিটাল মাধ্যমে তামাকের প্ররোচনা বন্ধে ওটিটি নীতিমালা পাসের আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে ডাব্লিউবিবি ট্রাস্ট, সেতু, আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ডাস এর প্রতিনিধিবৃন্দ ও প্রত্যাশা’র প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।