প্রথমবারের মতো মঞ্চনাটক পরিচালনা করলেন জান্নাতুল টুম্পা। গত ১৪ জুন আমেরিকার নিউ জার্সির নিউ ব্রান্সউইকে ৯ বেয়ার্ড স্ট্রিটে আমেরিকান সময় বিকেল ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দুটি শোতে টুম্পা পরিচালিত “অমানুষ” শিরোনামের নাটকটি মঞ্চস্থ হয়।
প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদ রচিত ও সুচনা থিয়েটার প্রযোজিত “অমানুষ” নাটকটি সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম বার্ষিক আসর উপলক্ষে মঞ্চস্থ হলো। উৎসব আয়োজনে ছিল এপিক (এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি) এবং সহ-আয়োজক হিসেবে ছিল কোল্যাব আটর্স। নাটকের পোস্টার কনসেপ্ট ও ডিজাইন করেছেন রানা মাসুদ ও রাহি চৌধুরী।
প্রথমবারের মতো মঞ্চনাটক পরিচালনা প্রসঙ্গে জান্নাতুল টুম্পা বলেন, নাটক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছি প্রায় দুই দশক ধরে। ফলে নাটক নির্মাণকে খুব কাছ থেকে দেখার ও বোঝার অভিজ্ঞতা হয়েছে আমার। তবে পরিচালনায় আসার ইচ্ছে না থাকলেও প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদের ইচ্ছাতেই মূলত “অমানুষ” নাটকটি পরিচালনা করেছি। সকলের সমর্থন পেলে আগামীতেও নাট্য পরিচালনায় নিয়মিত হওয়ার ইচ্ছে রয়েছে।
উল্লেখ্য, “অমানুষ” নাটকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন আদর্শবাদী শিক্ষক, যিনি একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু চারপাশের দুর্নীতি, অনিয়ম আর সামাজিক চাপের মুখে সেই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ে। ক্রমশ হতাশা ও মানসিক চাপে ভেঙে পড়া এই মানুষটি এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে চরম সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়েন। এদিকে তার স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করেন যে স্বপ্ন ভেঙে ফেলা নয়, বরং তা ধরে রাখাই জীবনের আসল শক্তি। মানবিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয় এবং ব্যক্তির মানসিক সংগ্রামের এই তীব্র প্রতিফলন দর্শকদের গভীরভাবে ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যিই মানুষ, নাকি সমাজের চাপে ধীরে ধীরে “অমানুষ” হয়ে উঠছি?