Sunday, September 13সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ

বাংলাদেশের একটি পরিবার, বাবা, মা ও ছেলে, একসঙ্গে Powerman Malaysia 2026-এ অংশ নিয়ে একটি অনন্য মাইলফলক গড়তে যাচ্ছে। POWERMAN হলো বিশ্বের অন্যতম সেরা এবং বৃহত্তম Run-Bike-Run Endurance Race Series। আন্তর্জাতিক এই ডুয়াথলন প্রতিযোগিতায় পরিবার হিসেবে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি পরিবারগুলোর অন্যতম হতে যাচ্ছে তারা।

এই অনুপ্রেরণাদায়ী পরিবারের সদস্যরা হলেন মাহফুজা হক, একজন সাবেক কর্পোরেট এইচআর লিডার; মোহাম্মদ হাসান মাহমুদ, টেলিযোগাযোগ খাতের একজন সিনিয়র লিডার; এবং তাঁদের ছেলে তাফসীর জিনান মাহমুদ, যিনি বর্তমানে বিবিএর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

দীর্ঘদিনের নিয়মিত অনুশীলন, পারস্পরিক অনুপ্রেরণা এবং খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা থেকেই তাঁদের এই যাত্রা। এর আগে তাঁরা একসঙ্গে Bangkok Marathon 2023-এ অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন দৌড় ও সাইক্লিং ইভেন্টেও সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

Powerman Malaysia 2026-এ মোহাম্মদ হাসান মাহমুদ অংশ নেবেন Classic Distance বিভাগে, যেখানে রয়েছে ১০ কিমি দৌড় + ৬০ কিমি সাইক্লিং + ১০ কিমি দৌড়, অর্থাৎ মোট ৮০ কিমি। অন্যদিকে মাহফুজা হক ও তাফসীর জিনান মাহমুদ অংশ নেবেন Short Distance বিভাগে, যার দূরত্ব ৫ কিমি দৌড় + ৩০ কিমি সাইক্লিং + ৫ কিমি দৌড়।

পাওয়ারম্যান মালয়েশিয়া শেষে তাঁরা সরাসরি থাইল্যান্ডে গিয়ে Pattaya Marathon 2026-এ অংশ নেবেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ ম্যারাথন আয়োজন। সেখানে মোহাম্মদ হাসান মাহমুদ অংশ নেবেন ৪২ কিমি ফুল ম্যারাথনে, আর মাহফুজা হক ও তাফসীর জিনান মাহমুদ অংশ নেবেন ২১ কিমি হাফ ম্যারাথনে।

তাঁদের এই যাত্রা শুধু ফিটনেস, সহনশীলতা ও আত্মবিশ্বাসের প্রতীক নয়, বরং পরিবারকে সঙ্গে নিয়ে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলারও অনন্য উদাহরণ। তাঁদের বিশ্বাস, এই উদ্যোগ আরও অনেক বাংলাদেশি পরিবারকে একসঙ্গে খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনধারায় উদ্বুদ্ধ করবে।