Monday, June 29সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস – সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে ৭-৯ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী একযোগে শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স এবং হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬।

৭ মে, বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, নবরাত্রি- হল ৪) প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরুন এন. ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ উদ্দিন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, ড. সালমা লাইজু; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মহসীন; বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাঃ নারগিস মুরশিদা; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডার) ডিরেক্টর জেনারেল গাজী এ.কে.এম ফজলুল হক এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) নির্বাহী কমিটির সদস্য মির্জা সজীব রায়হান।

বাংলাদেশের খাদ্য ও কৃষিজ যন্ত্রপাতি, খাদ্য ও পানীয় পণ্য এবং প্যাকেজিং সামগ্রীবিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী হিসেবে ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ ও ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’ আইসিসিবির গুলনকশা হল–১-এ এবং ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ ও ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ আইসিসিবির পুষ্পগুচ্ছ হল–২-এ অনুষ্ঠিত হচ্ছে।

খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫ টিরও অধিক দেশের প্রায় ১০০টি কোম্পানি, ১৬০টিরও অধিক বুথ নিয়ে অংশগ্রহণ করেছে।

‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড, নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এমএইচ ধানমন্ডি লিমিটেড, ট্রেড গ্লোবাল লিমিটেড, থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড (ডিজেআই) প্রভৃতি। এছাড়াও অংশ নিয়েছে বাংলাদেশে অবস্থিত ব্রাজিল দূতাবাস, যা ‘দ্য ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার, লাইভস্টক অ্যান্ড ফুড সাপ্লাই (MAPA – মাপা)-এর প্রতিনিধিত্ব করছে।

‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি, লে বুর্ন, শিলাইদহ ডেইরি আল্ট্রা, মধুমতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, রুনচা, পুরো ফুডস লিমিটেড, প্যারাগন ইন্টারন্যাশনাল, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, কিভা হান প্রভৃতি। পাশাপাশি পাকিস্তান দূতাবাস, পাকিস্তানের ট্রেড ডেভেলপমেন্ট অথরিটি (টিডিএপি)-এর প্রতিনিধিত্বে পাকিস্তান প্যাভিলিয়নে অংশগ্রহণ করছে। এবারের ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ তৃতীয়বারের মতো ‘কফি ফেস্ট’ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কফি বিন, কফি পণ্য ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।

একইসঙ্গে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতের আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার, ফার্মাসিউটিক্যাল ও ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং হাসপাতালের সরঞ্জাম ও সরবরাহ খাতকে কেন্দ্র করে ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘১০ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৬’ এবং ‘১২তম ফার্মা বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ আইসিসিবির নবরাত্রি হল-৪-এ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ‘৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৬’ রাজদর্শন হল–৩-এ আয়োজন করা হয়েছে।

স্বাস্থ্য পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান, দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীসমূহে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, সিঙ্গাপুর, তুরস্ক, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, মরোক্কো, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ ১৫ টিরও অধিক দেশের প্রায় ৯০টি কোম্পানি ও হাসপাতাল, ১৫০টিরও অধিক বুথ নিয়ে অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, সিএফসি – এসআইবিএল রিপ্রোডাক্টিভ হেলথ ইনিশিয়েটিভ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সলিউশন, বিটিএল মেডিকেল ডিভাইস বাংলাদেশ লিমিটেড, মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড, এলাইভ হেলথকেয়ার প্রভৃতি। ‘৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৬’-এর ইন্দোনেশিয়া প্যাভিলিয়নে অংশ নিয়েছে বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়া দূতাবাস।

প্রদর্শনীর পাশাপাশি রয়েছে ছয়টি বিশেষায়িত সেমিনার। ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এর অংশ হিসেবে চারটি, ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এর অংশ হিসেবে একটি এবং ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর অংশ হিসেবে একটিসহ, থাকছে মোট ছয়টি বিশেষায়িত সেমিনার। এগ্রি, পোল্ট্রি, লাইভস্টক ও এগ্রো-প্রসেসিং খাতে জ্ঞান বিনিময়, কৃষিখাতে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবায় প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এসব সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল বিগত তিন দশকে, বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছে ৫৫ হাজারের বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং প্রায় ২০ লাখ ব্যবসায়িক দর্শনার্থী। সেমস-গ্লোবাল-এর ফ্ল্যাগশিপ প্রদর্শনীসমূহের মধ্যে রয়েছে টেক্সটাইল সিরিজ, পাওয়ার সিরিজ, বিল্ড সিরিজ, ফুড অ্যান্ড এগ্রো এক্সপো, মেডিটেক্স এবং অটো সিরিজ।