স্মার্টফোনে “বাইপাস চার্জিং”
স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়া নিয়ে চিন্তায় থাকেন ব্যবহারকারীরা। বিশেষ করে গেমিং, লাইভ ভিডিও দেখা কিংবা একসাথে অনেকগুলো কাজ করার সময় এই সমস্যা বেশি হয়। এমন পরিস্থিতিতে ফোন নির্মাতারা পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘ মেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখাকেও অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছেন। সে কারণেই এখন ফোনে যুক্ত হচ্ছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি। জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্স তাদের জিটি ৩০ প্রো, নোট ৬০ সিরিজ এবং নতুন আসা হট ৭০ মডেলে এই প্রযুক্তি ব্যবহার করছে।
সহজ কথায়, ভারী কাজের সময় ফোনের ভেতর বিদ্যুৎ কীভাবে কাজ করবে—বাইপাস চার্জিং মূলত সেই নিয়মটাই বদলে দেয়। সাধারণ ফোনে চার্জার প্লাগ-ইন করা বা কানেক্ট করা থাকলে বিদ্যুৎ প্রথমে ব্যাটারিতে যায় এবং ব্যাটারি থেকে সেই পাওয়ার নিয়ে ফোন চলে। চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করলে এই প্রক্রিয়া চলতেই থাকে। অর্থাৎ, ব্যাটারি একই ...