
নতুন আরেকটি একক গান প্রকাশ পেল তারকা কণ্ঠশিল্পী ও সুরকার জয় শাহরিয়ারের। শিরোনাম ‘অন্যরকম ব্যথা’। এর কথা লিখেছেন তালহা বিন পারভেজ। সুর করেছেন শিল্পী জয় শাহরিয়ার নিজেই। রাশেদ ইকবাল রুশোর সংগীতায়োজনে সাউন্ড ভিজাইন করেছেন আহমেদ হোসেন বাপ্পি। গানটি রেকর্ড হয়েছে আজব রেকর্ডসের স্টুডিওতে। সম্প্রতি ফেইনেন্ট ক্রিয়েশনের ব্যানারে গানটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, সারেগামা, গানা, ইউটিউব মিউজিকসহ ২৩০টির বেশি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। শিল্পী ও সুরকার জয় শাহরিয়ার জানান- ‘অন্যরকম ব্যথা’ তাঁর অন্য গানগুলো থেকে কিছুটা ভিন্নধাঁচের। তালহার লেখা গানের কথাগুলো সহজে মনকে নাড়া দেয়। সে কারণে চেষ্টা করেছেন কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুরে ভিন্নতা তুলে আনার। গায়কিতে নিজস্বয়তা ধরে রেখে নতুন কিছু প্রয়াসে গানটি গাওয়া। কথা, সুর, সংগীতায়োজন সব মিলিয়ে গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন এই শিল্পী।
গীতিকার তালহা বিন পারভেজ জানালেন- গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে বেশ ইতিবাচক ও সুন্দর সাড়া পাচ্ছি। বিশেষ করে, স্যাড রোমান্টিক জনরার গান হলেও এতে রক ফ্লেভারের টাচ শ্রোতারা বেশ পছন্দ করছেন। গানটি অচিরেই ফেইনেন্ট ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারেও আসবে।।
এদিকে নতুন এই একক গান ছাড়াও জয় শাহরিয়ার ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো ও একক অ্যালবামের কাজ নিয়ে। ক’দিন আগে যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন তিনি। লন্ডনে প্রথমবারের মতো তিনি পারফর্ম করেছেন ভারতের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে। বর্তমানে তিনি তাঁর পঞ্চম একক অ্যালবাম ‘বোকা’র কাজ নিয়ে ব্যস্ত। এরই মধ্যে এ অ্যালবামের বেশ কিছু গান জয় তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। শিগগির ১০টি গান দিয়ে সাজানো পূর্ণাঙ্গ অ্যালবামটি প্রকাশ করার পরিকল্পনা আছে বলে তিনি জানিয়েছেন।
