
দীপ্ত টিভির বিপুল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বকুলপুর’ এর সিজন ৩ আসছে আগামী ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে ১৪ সেপ্টেম্বর দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল সিরিয়ালটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন মেগা সিরিয়াল বকুলপুর ৩ এর অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার, পরিচালকসহ দীপ্ত টিভির কর্মকর্তাগণ। ‘বকুলপুর সিজন ৩’ প্রচারিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে শনি-বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।
একদিকে যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, অন্যদিকে গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে বকুলপুর সিজন-৩ দর্শকদের মাঝে হাজির করেছে নতুন ধরনের বিনোদন। আহমেদ শাহাবুদ্দীন রচিত এ মেগা ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল। আগের দুটি সিজনের জনপ্রিয় হয়ে ওঠা চরিত্রদের পাশাপাশি এবার আরও নতুন নতুন চরিত্র যুক্ত হয়েছে বকুলপুর সিজন-৩ এ। স্বপ্নীল প্রোডাকশন্স প্রযোজিত এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, নরেশ ভুঁইয়া, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, আনিসুল হক বরুণ, সঞ্জীব আহমেদ, ডেভোরা কুইয়াহ সিলভিয়া, উপমা, অনু, দিশা, শাহেদ শাহরিয়ার, শাকিল আহমেদ, মঈন হাসান, শামীম মোল্লাহ, মুস্তাফিজ শাহিন প্রমুখ।
গল্পের কথা: আব্বাস বেগ আবার বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হেরে গেছে প্রাক্তন চেয়ারম্যান দীবা। বিজয় মিছিলে আব্বাসকে ফুলের মালা দিয়ে বরণ করতে আসে রহস্যময়ী নারী নন্দিনী ও প্রতিদ্বন্দ্বী মেহেরজান। আব্বাস চেয়ারম্যান দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে বকুলপুরের মানুষের অনুরোধে নন্দিনীর মাধ্যমে যাত্রা নিয়ে আসেন। এবার বকুলপুরে আসে নতুন যাত্রাদল ‘দি নিউ মালঞ্চ অপেরা’। সে যাত্রা ঠেকানোর জন্যে উঠে পরে লাগে গ্রামের প্রভাবশালী উজান দেওয়ান। আব্বাসের সঙ্গে তার দ্বন্দ্বের প্রধান কারণ ছোটবোন নাইয়রী। অন্যদিকে লীলাবতী সরকারের সঙ্গে বিরোধ মেহেরজানের। একদিন লীলাবতী সরকারের ওপর সন্ত্রাসী হামলা হয়। প্রাথমিকভাবে মেহেরজানকে সন্দেহ করা হলেও একটা টেলিফোন কলে সেই তদন্তের মোড় ঘুরে যায়। মেহেরজানের পরিবর্তে সন্দেহ তৈরি হয় আসমার ওপর। এই সময় আপসমার ওপর সন্ত্রাসী হামলা হয়। ঘুরে যায় তদন্তের মোড়। এসআই ফরহাদের মনে হতে থাকে, এলাকায় এমন কেউ আছে যে বকুলপুরকে অস্থিতিশীল করে রাখতে চায়। কে সে? দাদাভাই? নাকি তার কোনো এজেন্ট?
